Home সংবাদডুয়েটে আর্কিটেকচার বিভাগের ফেস্ট অনুষ্ঠিত

ডুয়েটে আর্কিটেকচার বিভাগের ফেস্ট অনুষ্ঠিত

by Diploma News
0 comments
ডুয়েটে আর্কিটেকচার বিভাগের ফেস্ট অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে ‘নবযাত্রায় নিসর্গ’ প্রতিপাদ্যে আর্কিটেকচার বিভাগের ‘আর্ক ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বেলুন উড্ডয়ন, পায়রা অবমুক্তকরণ, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

দুপুরে বিভাগের হলরুমে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, “ফেয়ারওয়েল মানেই সম্পর্কের ইতি নয়; এটি হলো বর্তমান সম্পর্কের ভিত্তিতে নতুন সম্পর্ক প্রতিষ্ঠার যাত্রা। দীর্ঘ পাঁচ বছরের একাডেমিক ও স্টডিওনির্ভর প্রশিক্ষণ শেষে আজ দেশ ও বিশ্বের সৃজনশীল এ অঙ্গনে পদার্পণের জন্য প্রস্তুত বিভাগের বিদায় সংবর্ধনা গ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।”

পিরামিড, পেট্রোনাস টুইন টাওয়ার, সাংহাই টাওয়ার, দুবাই পার্ল বিচের মতো বিস্ময়কর স্থাপনার উল্লেখ করে তিনি বলেন, “সময়ের সাথে সাথে মানুষের পছন্দ ও রুচির পরিবর্তনের ফলে বর্তমানে বিশ্বের নগরায়ন, আবাসন, বাণিজ্যিক ও শিল্প স্থাপনা নির্মাণ, ইন্টেরিয়র ডিজাইন এবং নগর পরিকল্পনা খাতে দক্ষ স্থপতিদের চাহিদা যেমন ক্রমবর্ধমান, তেমনি জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব নির্মাণ, সবুজ স্থাপত্য এবং বিআইএম ও প্যারামেট্রিক ডিজাইনের মতো ডিজিটাল প্রযুক্তিনির্ভর আধুনিক স্থাপত্যচর্চায় এই বিভাগের গুরুত্বও দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

বিশ্বব্যাপী স্থপতিরা আজ কেবল ভবন নির্মাণেই সীমাবদ্ধ নন; তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই নগরায়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশের স্থপতিদেরও সেই বৈশ্বিক মানদণ্ডে নিজেদের প্রস্তুত করতে হবে।

তবে দ্রুত পরিবর্তনশীল নির্মাণ প্রযুক্তি, টেকসই ডিজাইন দক্ষতার ঘাটতি এবং প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক জব মার্কেট বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পাঠ্যক্রম প্রণয়ন, দৃষ্টিনন্দন স্থাপনা ডিজাইন প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ অত্যন্ত জরুরি।”

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “নৈতিকতা, সততা ও পেশাদারত্বে অবিচল থেকে কর্মক্ষেত্রে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠা করো। শুধু চাকরিপ্রার্থী না হয়ে সম্ভব হলে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির সাহস রাখো। দেশের নগর ও স্থাপত্য পরিবেশকে টেকসই, নিরাপদ ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাসক্ষম করে তোলার দায়িত্ব আজ তোমাদের ওপর ন্যস্ত। আমি আশাবাদী, তোমরা নবীনদের জন্য অনুপ্রেরণা এবং কর্মক্ষেত্রে বিভাগের একেকজন যোগ্য প্রতিনিধি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।”

আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বায়েজীদ ইসমাঈল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা শিক্ষামূলক ওয়েবসাইট ‘ডিপ্লোমা নিউজ’। যেখানে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য, নোটিশ, শিক্ষা-সংক্রান্ত, ভর্তি তথ্য এবং চাকরির খবরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ তথ্য, সংবাদ, নোটিশ বা যেকোনো আপডেট আমাদের জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com

You may also like