Home সংবাদডুয়েটে আন্ডারগ্র‍্যাজুয়েট শিক্ষা সমাপনী উদযাপিত

ডুয়েটে আন্ডারগ্র‍্যাজুয়েট শিক্ষা সমাপনী উদযাপিত

by Diploma News
0 comments

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর আন্ডারগ্র‍্যাজুয়েট ২১ তম সিরিজের শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষা সমাপনী উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯শে সেপ্টেম্বর, ২০২৬) সকালে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের উপস্থিতিতে বেলুন উড্ডয়ন, পায়রা অবমুক্তকরণ ও কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক জনাব মো. নুরুল করিম ভূঁইয়া, ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান। উদ্বোধনের পর উৎসবের প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও আইডিয়া নিয়ে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রেজেন্টেশনের প্রশংসা করেন।

দুপুরে উৎসবের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার রুমে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “দীর্ঘ চার বছরের ক্লাস, ল্যাব এবং ইন্টার্নশিপ শেষে তোমরা এখন দেশের অবকাঠামো ও প্রযুক্তি খাতের উন্নয়নে অংশ নিতে প্রস্তুত।”

উপাচার্য বলেন, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অব থিংস, অটোমেশন, স্মার্ট টেকনোলজি এবং টেকসই ও পরিবেশবান্ধব সমাধান প্রকৌশল পেশার ধরণ দ্রুত বদলে দিচ্ছে। কিন্তু ডিজিটাল ডিভাইডের ফলে গ্লোবাল ভিলেজের সুবিধা নেওয়ার জন্য আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনবল তৈরির সীমাবদ্ধতা এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় ইন্ডাস্ট্রি পারসনদের পরামর্শে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন, ল্যাবে আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং গবেষণা ও উদ্ভাবনে অর্থায়ন বাড়ানো জরুরি। একই সঙ্গে যৌথ গবেষণা, ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, সাইট ভিজিট ও গেস্ট লেকচারের মাধ্যমে বিদ্যমান ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন আরও জোরদার করতে হবে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা বুঝে পাঠ্যক্রম হালনাগাদ করতে প্রতিটি বিভাগে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি প্যানেল গঠন করা যেতে পারে, আর সমাপনী বর্ষের গবেষণা প্রকল্পগুলো হওয়া উচিত বাস্তব শিল্পসমস্যাভিত্তিক।”

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “অটোমেশনের চ্যালেঞ্জে পড়ে ইন্ডাস্ট্রিগুলো এখন শুধু গ্র‍্যাজুয়েট নিয়োগ দেয় না; নিয়োগ দেয় বিভিন্ন ধরনের সফট স্কিলে সমৃদ্ধ সৃজনশীল মানবসম্পদ। এজন্য কেবল সার্টিফিকেট আর সিজিপিএ নিয়ে কর্মজীবনে প্রবেশ করলে চলবে না, নিত্যনতুন প্রযুক্তি ও এআই টুলসকে পেশাগত বিভিন্ন বিষয়ের সমস্যা সমাধানে কাজে লাগানো শিখতে হবে। পেশাগত নিবন্ধন ও স্বীকৃত সার্টিফিকেশন নিতে দেরি করবে না। শিল্পপ্রতিষ্ঠান, সিনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যালামনাইদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলবে। পেশাগত আইনকানুন, নিরাপত্তা বিধি ও প্রচলিত কোড মেনে চলবে। চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন রাখবে। যারা উচ্চশিক্ষা বা গবেষণায় যেতে চাও, তারা এখন থেকেই নিজেদের অভিসন্দর্ভের ফলাফলকে গবেষণা প্রবন্ধে রূপ দিতে সচেষ্ট হবে। বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে মাতৃভাষা বাংলা এবং ইংরেজি ভাষার পাশাপাশি জাপানিজ, চাইনিজ, এরাবিক, জার্মান, ফ্রেঞ্চ, স্প্যানিশ ভাষায় দক্ষতা অর্জনকে এখন থেকেই পরিকল্পনার অংশ করবে।”

উপাচার্য আরও বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে থার্ড ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি উদ্যোগ নিয়েছেন। আমরা ডুয়েটের বিভাগসমূহের উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং উন্নয়নে কাজ করছি। তারই অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে ডুয়েটে চাইনিজ ও জাপানিজসহ অন্যান্য ভাষায় সান্ধ্যকালীন কোর্সের জন্য ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বলেন, “কর্মক্ষেত্রে প্রথম কয়েক বছরই ভবিষ্যৎ গড়ে দেয়। চাকুরিতে কার নিকট থেকে শিখছো, সেটিকে বেশি গুরুত্ব না দিয়ে বরং কী শিখছো, সেটিকে গুরুত্ব দিয়ে নিজেকে সর্বদা আপডেট রাখতে হবে।”

আলোচনা অনুষ্ঠান শেষে পোস্টার প্রেজেন্টেশনে সেরা ১১টি টিমকে সনদ, ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন ইনস্টিটিউট ও দপ্তরের পরিচালক, হলসমূহের প্রভোস্টবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা প্লাটফর্ম ‘ডিপ্লোমা নিউজ’। যেখানে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য, খবর, নোটিশ ও চাকরির খবরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তুলে ধরা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের যেকোনো তথ্য জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com

You may also like