ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ফলাফল ও ড্রপআউটসংক্রান্ত নিয়মে নতুন ধরনের ব্যতিক্রম দেখা গেছে। সম্প্রতি প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চার বিষয়ে রেফার্ড থাকলেও কোনো কোনো শিক্ষার্থীকে ড্রপআউট হিসেবে বিবেচনা করা হচ্ছে না। এমনকি বিশেষ ক্ষেত্রে পাঁচ বিষয়ে রেফার্ড থাকা শিক্ষার্থীদেরও পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হিসেবে গণ্য করা হয়েছে।
প্রকাশিত ফলাফলের পিডিএফ ফাইলে শিক্ষার্থীদের অবস্থান নির্ধারণে বিশেষ কিছু কোড বা সিরিয়াল ব্যবহার করা হয়েছে। মূল পিডিএফ ফাইলে এ সংক্রান্ত দুটি পৃথক তালিকা রয়েছে। এর মধ্যে ২ নম্বর সিরিয়ালে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রবিধান অনুযায়ী নির্দিষ্ট রোল নম্বরধারী শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টারে প্রমোট করা হয়েছে। ওই তালিকায় শিক্ষার্থীদের অর্জিত সেমিস্টারভিত্তিক জিপিএ এবং রেফার্ড বিষয়গুলোর তথ্যও উল্লেখ রয়েছে।
অন্যদিকে, ২৫ নম্বর সিরিয়ালে থাকা তালিকায় বোর্ডের প্রবিধান অনুযায়ী নির্দিষ্ট রোল নম্বরধারী শিক্ষার্থীদের চলতি সেমিস্টারে ড্রপআউট ঘোষণা করা হয়েছে। এ তালিকায় শিক্ষার্থীদের চলতি সেমিস্টারে অকৃতকার্য বিষয় এবং পূর্ববর্তী সেমিস্টারের রেফার্ড বিষয়গুলোর তথ্য উল্লেখ করা হয়েছে।
ফলে প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, শুধু রেফার্ড বিষয়ের সংখ্যা নয়, বরং পূর্ববর্তী সেমিস্টারের রেফার্ড ও চলতি সেমিস্টারের অকৃতকার্য বিষয়সহ বোর্ডের নির্ধারিত প্রবিধানের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রমোশন ও ড্রপআউটের বিষয়টি নির্ধারণ করা হচ্ছে।
এদিকে, ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও আলোচনা। বিশেষ করে চার ও পাঁচ বিষয়ে রেফার্ড থাকা শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টারে অধ্যয়নের সুযোগ দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে
তবে এ বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা নির্দেশনা প্রকাশের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হলে নিয়মের বিস্তারিত বিষয় আরও স্পষ্ট হবে।
শিক্ষার্থীদের নিজেদের ফলাফল ও অবস্থান নিশ্চিত করতে প্রকাশিত মূল পিডিএফ ফাইল যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা প্লাটফর্ম ‘ডিপ্লোমা নিউজ’। যেখানে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য, খবর, নোটিশ ও চাকরির খবরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তুলে ধরা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের যেকোনো তথ্য জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com
ডিএন/এসআর
