Home সংবাদডুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ফেস্ট ও বিদায় সংবর্ধনা

ডুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ফেস্ট ও বিদায় সংবর্ধনা

by Diploma News
0 comments
ডুয়েটে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্ট ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ‘আইপিই ফেস্ট এবং বিদায় সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বেলুন উড্ডয়ন, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল।

বক্তব্যে তিনি বলেন, “ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদায় সংবর্ধনা গ্রহণকারী শিক্ষার্থীদের আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। একাডেমিক পাঠ্যক্রমের গণ্ডি পেরিয়ে আজ তোমরা বিশ্বময় কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত।

বর্তমানে দেশের গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, ম্যানুফ্যাকচারিং, লজিস্টিকস ও কনসালট্যান্সি খাতে আইপিই গ্র্যাজুয়েটদের চাহিদা ক্রমবর্ধমান।

অটোমেশন, রোবোটিক্স, আইওটি ও এআইনির্ভর চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবে এই বিভাগের গুরুত্ব দিন দিন আরও বাড়ছে। প্রোডাকশন প্ল্যানিং, কোয়ালিটি কন্ট্রোল, মার্কেটিং, ইন্ডাস্ট্রিয়াল সেফটি ম্যানেজমেন্ট, লিন ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ও লজিস্টিক ম্যানেজমেন্টে দক্ষতাসম্পন্নদের জন্য আন্তর্জাতিক জব মার্কেটেও সুযোগ প্রসারিত হচ্ছে। তবে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্সে দক্ষতার ঘাটতি ও প্রতিযোগিতামূলক জব মার্কেট এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় পাঠ্যক্রম আধুনিকায়ন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ ও ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ জরুরি বলে আমি মনে করি।”

তিনি শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দিয়ে আরও বলেন, “নিয়মিত নতুন প্রযুক্তি ও সফটওয়্যার দক্ষতা রপ্ত করো, কখনো শেখা থামিয়ে দিও না। দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলো, কারণ শিল্পখাতে সমন্বিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। নৈতিকতা, সততা ও পেশাদারত্বে অবিচল থেকে নিজেদের কর্মক্ষেত্রে বিশ্বস্ততা অর্জন করো। শুধু চাকরিপ্রার্থী না হয়ে সম্ভব হলে উদ্যোক্তা হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির সাহস রাখো। দেশের শিল্পখাতকে অত্যাধুনিক, দক্ষ ও প্রতিযোগিতাসক্ষম করে তোলার দায়িত্ব আজ তোমাদের কাঁধে।

এতদিন জনগণের ট্যাক্সের অর্থে পড়াশুনার যে সুযোগ তোমরা গ্রহণ করেছ, সেটা এখন সেবা হিসেবে দেশের টেকসই উন্নয়নে অবদান রাখার মাধ্যমে জনগণকে, দেশকে ফেরত দেওয়ার সময় এসেছে। নবীনদের জন্য গাইডিং স্টার এবং কর্মক্ষেত্রে বিভাগের একেকজন এম্বাসেডর হিসেবে তোমরা নিজেদের প্রতিষ্ঠা করবে বলে আমি আশাবাদী।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এমন একটি ক্ষেত্র, যেটি প্রোডাক্টিভিটি, কোয়ালিটি কন্ট্রোল, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও অপারেশনস রিসার্চের এক সমন্বিত জ্ঞানভাণ্ডার। আইপিই বিভাগের শিক্ষার্থীদের বলবো, লিন ম্যানুফ্যাকচারিং ও সিক্স সিগমার নীতিগুলো শুধু বইয়ে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে প্রয়োগের জন্য নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

যারা আজ বিদায় নিচ্ছো, তোমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের এফিশিয়েন্সি ও অপটিমাইজেশনের যে দর্শন শিখেছ, তা কর্মক্ষেত্রে প্রয়োগ করে দেশের শিল্পখাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা আশা রাখি। তোমাদের প্রতি উপদেশ থাকবে- টিমওয়ার্ক, নৈতিকতা ও আজীবন শেখার মানসিকতা নিয়ে সামনে এগিয়ে চলো। তোমাদের সবার জন্য শুভকামনা ও অভিনন্দন।”

আইপিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, আইপিই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ রাশিদুল হাসান, সহকারী অধ্যাপক সাইম মাহমুদ এবং ডুয়েট আইপিই এলাইমাই এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ইঞ্জি. মো. খলিলুর রহমান।

কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েট আইপিই এলামনাই এসোসিয়েশনের সভাপতি এবং আরএফএল গ্রুপের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইঞ্জি. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনার পর সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা শিক্ষামূলক ওয়েবসাইট ‘ডিপ্লোমা নিউজ’। যেখানে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য, নোটিশ, শিক্ষা-সংক্রান্ত, ভর্তি তথ্য এবং চাকরির খবরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ তথ্য, সংবাদ, নোটিশ বা যেকোনো আপডেট আমাদের জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com

You may also like