জামালপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্বোধন

Diploma News
2 Min Read

জামালপুরে ৪৫ কোটি টাকা ব্যয়ে পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে শহরের কম্পপুর এলাকায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।

উদ্বোধনের সময় তিনি বলেন, “বর্তমান সরকারের শিক্ষা পরিকল্পনায় কর্মসংস্থানকে সামনে রেখে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের ফলে জামালপুরে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটবে এবং এখানকার বেকার সমস্যা অনেকাংশে দূর হবে।”

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পাঁচ একর জমির ওপর জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে।

প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় তিনটি ছয়তলা ভবন নির্মাণ করা হবে। ভবনগুলোর মধ্যে রয়েছে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও ওয়ার্কশপ ভবন। এছাড়া প্রকল্পের আওতায় বাউন্ডারি ওয়াল নির্মাণের ব্যবস্থাও রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, পলিটেকনিক ইনস্টিটিউটটি চালু হলে জামালপুরের শিক্ষার্থীদের জন্য কারিগরি ও কর্মমুখী শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব কমাতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারীসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা শিক্ষামূলক ওয়েবসাইট `ডিপ্লোমা নিউজ‘। যেখানে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, নোটিশ ও খবর ইত্যাদি প্রকাশ করা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের তথ্য ও খবর জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com

Share This Article
Follow:
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সেরা পোর্টাল DIPLOMA NEWS