
সম্প্রতি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের পর্ব সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে সারাদেশের ৪৯টি সরকারি এবং প্রায় ২০০টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মোট পাশের হার দাঁড়িয়েছে ৪০.১ শতাংশ। দেশের ২,১৮,৬২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭,৬৪৩ জন পাস করেছে এবং ১,৩০,৯৩০ জন ফেল করেছে।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এ পরীক্ষায় মোট ১১,০৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪,৭৫২ জন শিক্ষার্থী পাস করেছে এবং ৬,২৮৮ জন ফেল করেছে। ইনস্টিটিউটটির মোট পাশের হার দাঁড়িয়েছে ৪৩.০৪ শতাংশ। পর্বভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ১ম পর্বে পাশের হার ২১.৩৭ শতাংশ, ২য় পর্বে ৩০.১১ শতাংশ, ৪র্থ পর্বে ৩২.৩৪ শতাংশ এবং ৬ষ্ঠ পর্বে ৪২.৮৪ শতাংশ। অন্যদিকে ৮ম পর্বে প্রায় শতভাগ সাফল্য লক্ষ্য করা গেছে, যেখানে ১,৮৩১ জনের মধ্যে ১,৮২৪ জন পাস করেছে।
ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাফলে অসঙ্গতি ও গড়মিলের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, অস্বাভাবিকভাবে বিপুল সংখ্যক শিক্ষার্থী রেফার্ড ও ড্রপ হয়েছে, যা স্বাভাবিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
একজন শিক্ষার্থী ফেসবুকে অভিযোগ করে বলেন, ফলাফল নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তার মতে, পুনর্মূল্যায়নের জন্য প্রতিটি বিষয়ে ৩০০ টাকা ফি নির্ধারণ করা হলেও সেই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে স্পষ্ট কোনো ধারণা নেই। তিনি আরও বলেন, এত বিপুল সংখ্যক শিক্ষার্থী কেন নিজ খরচে পুনর্মূল্যায়নের আবেদন করবে—এ বিষয়টি গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। একইসাথে তিনি কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত ও ফলাফল পর্যালোচনার আহ্বান জানান।
আরেক শিক্ষার্থী প্রতিষ্ঠানগত অব্যবস্থাপনার বিষয় তুলে ধরে বলেন, চলতি সেমিস্টারের ফলাফলে ক্যাম্পাস দীর্ঘদিন বন্ধ থাকা, পরীক্ষার সময় আন্দোলন, ক্লাসে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি, শিক্ষক সংকট, পর্যাপ্ত ক্লাসরুমের অভাব এবং সিলেবাস শেষ না করেই সেমিস্টার সমাপ্তির মতো বিষয়গুলো প্রভাব ফেলেছে। তার মতে, এসব সমস্যা দ্রুত সমাধান না করা হলে ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ তৈরিতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে, যা দেশে বেকারত্ব বৃদ্ধির ঝুঁকি বাড়াবে।
তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সচেতনতা বাড়ানো জরুরি, পাশাপাশি একাডেমিক পরিবেশ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
সব মিলিয়ে ডিপ্লোমা পর্ব সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশের পর সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে যেমন অসন্তোষ ও প্রশ্নের জন্ম দিয়েছে, তেমনি ফলাফল ব্যবস্থাপনা, একাডেমিক মান এবং স্বচ্ছতা নিয়েও নতুন করে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা শিক্ষামূলক ওয়েবসাইট `ডিপ্লোমা নিউজ‘। যেখানে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, নোটিশ ও খবর ইত্যাদি প্রকাশ করা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের তথ্য ও খবর জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com



